বৃষ্টি তোমার জন্য ভিখারির মতো ঘুরে বেড়াই –
রোজ দুঃখকে ফানুস বানিয়ে আকাশে উড়াই ;
তোমাকে ফিরে পাওয়ার ইচ্ছার চিতা জ্বালাই ;
মদে ডুব দিয়ে সিগারেটে জীবন পোড়াই।
বৃষ্টি, মাথা পেতে নিয়েছি তোমার সমস্ত তিরস্কার –
তোমার মিথ্যেগুলো আজ কাচের মতন ভীষণ পরিষ্কার,
যাকে তুমি অবহেলায়, খুচরো পয়সার মতো দিয়েছ ছুড়ে,
মেঘলা আকাশে তার কথা কি তোমার মনে পড়ে ?
বৃষ্টি, তুমি মেঘকে ফেলে সূর্যের সাথে আপস নিয়েছ করে,
শুনেছি কসবার বড় ফ্ল্যাটে আছো ভালো-নতুন সংসারে;
এখন বুঝি পড়ো না উপন্যাস, সামলে রাখো না হাঁসের পালক;
আমি কিন্তু এখনো সেই প্রেমিক, এখনো বড্ড বালক।
বৃষ্টি, তুমি কি এখনো আগের মতো হাসো শব্দ করে,
গ্রীষ্মের বিকেলে ঘুরতে যাও কি গঙ্গার তীরে;
এখন কি ওড়না দিয়ে মুছিয়ে দাও কারোর মুখ;
বুকে টেনে নরম আদরে ভরিয়ে দাও চিবুক।
বৃষ্টি, তুমি চলে গেলে সে কি মিথ্যে অভিমানে;
সে কি তোমার রাগ ভাঙাতে বোকা হতে জানে;
বৃষ্টি তুমি কি আজও নও এতটুকুও অনুতপ্ত ;
আমার বালিশে এখন তুমি বৃষ্টি, আর তোমার শরীর সম্পৃক্ত।।
