নিরুদ্দেশ॥কৌশিক মিত্র

কোথায় যেন হারিয়ে গেছে আমার ঘর,

দূরদর্শনে নিরুদ্দেশের নেই খবর।

শনিবারের বারবেলা, নানান রঙ আর হরবোলা,

ঠাকুমার জাঁতি, বর্ষার ছাতি,

দাদুর লাঠি, গরমের শীতলপাটি,

বাবার পাঞ্জাবির বোতাম, আমার পরিচিত ডাকনাম—

কোথায় যেন হারিয়ে গেছে সব,

হারিয়ে গেছে আমাদের চেনা শৈশব।

হারিয়ে গেছে আমার—

রং পেন্সিল, তুলি, প্রিয় ঠাকুমার ঝুলি,

সবুজের দেশে কোলাকুলি, শীতের পিঠেপুলি,

মায়ের হাতে বোনা সোয়েটার,

ভীষণ জ্বরের স্নেহের থার্মোমিটার,

বন্ধ হয়ে যাওয়া পেন্ডুলাম ঘড়ি,

ভেঙে গেছে যত স্লেট আর খড়ি।

কোথায় যেন হারিয়ে গেছে সব,

হারিয়ে গেছে আমার সোনার শৈশব।।

Author: admin_plipi